বিচারপতিদের পদত্যাগের ফলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শূন্যতা পূরণে নিয়োগ পেতে পারেন হাইকোর্ট বিভাগের ৭ বিচারপতি। এরই মধ্যে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ জন বিচারপতিও আজকের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
নিয়োগ পেতে যাওয়া সম্ভাব্যদের তালিকায় রয়েছেন- বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি একে এম আসাদুজ্জামান, জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল কবির, বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি মামনুন রহমান। নির্ভরযোগ্য সূত্রের বরাতে একটি জাতীয় গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে।
এর আগে, শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার (১০ আগস্ট) দুপুরে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। আইন উপদেষ্টা ফেসবুক লাইভে এসে বলেন, আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য কালবিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবো এবং আমরা আশা করবো, খুব দ্রুত কয়েক ঘণ্টার মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা কেবল প্রধান বিচারপতির পদত্যাগপত্র পেয়েছি, অন্যদের বিষয়ে কোনো আপডেট নেই।
অপরদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া ৫ বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।