শিল্পাঞ্চলের নিরাপত্তায় সেনাবাহিনীর ‘টাস্কফোর্স’

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একইসঙ্গে, দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য ‘কুইক রিঅ্যাকশন ফোর্স’ ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) আশুলিয়ার জামগড়া এলাকার পোশাক কারখানা ও আশেপাশের এলাকা পরিদর্শনকালে সেনাবাহিনীর কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান। 

সাভার সেনানিবাসের কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে শিল্প এলাকায় ফ্যাক্টরি ও কারখানাগুলোর টহল কার্যক্রম শুরু করেছে। এই উদ্দেশ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রতিটি টাস্কফোর্সকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেই সেক্টরভিত্তিক টহল পরিচালনা করা হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হলো বাহ্যিক নিরাপত্তা নিশ্চিত করা, যাতে ভালো পরিবেশ সৃষ্টি হয় এবং সবাই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে।'

এ সময় স্প্যারো গ্রুপের ডিরেক্টর এবং বিজিএমইএর পরিচালক শোভন ইসলাম বলেন, 'আমাদের যেখানে শিল্প কারখানা আছে সেখানে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সেল গঠন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের মাধ্যমে ব্যাপক টহলের ব্যবস্থা করা হয়েছে, যাতে শ্রমিকরা বুঝতে পারে যে তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের এক্সপোর্ট যাতে কোনোভাবেই বিলম্ব না হয় এবং বায়ারদের কাছে যাতে এক্সটেনশন চাওয়ার প্রয়োজন না পড়ে, সে জন্য সেনাবাহিনী দ্রুত সাহায্য করছে। ব্র্যান্ড বাংলাদেশ একটি বড় ইমেজ, যা ধরে রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।'