আদালতে কোনো সিন্ডিকেটের তথ্য জানা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টে কোনো হস্তক্ষেপ হবে এটা আমি চিন্তাও করি না। সিন্ডিকেট কেউ করে থাকলে আমাদের জানাবেন। জানানো মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, এরই মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি তিনি অতিদ্রুত দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটিকে উন্নত করবেন।
অনেক ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন, অনেক রুমে তালা লাগানো। এ বিষয়ে পদক্ষেপ কী জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা দ্রুত এর সমাধান করবো।
বিচারাঙ্গনে অনিয়মের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো অনিয়মের বিরুদ্ধে। এসব অনিয়ম, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আশা করি মানুষের সে আশার আলোয় প্রভাবিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।