ভারীবর্ষণে সেনবাগের বহু শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

নোয়াখালীর সেনবাগে অব্যাহত ভারী বর্ষণের ফলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় বহু শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ এবং মাঠ পানিতে তলিয়ে গেছে। এই পরিস্থিতির কারণে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যদিও আনুষ্ঠানিকভাবে কোনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়নি, তবে অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, অব্যবস্থাপনায় বাড়িঘর নির্মাণ, সরকারি খালগুলোতে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ, খাল দখল করে দোকানপাট তৈরি এবং মাছ ধরার জন্য জাল বসানোর মতো নানা কারণে এবছর সেনবাগ উপজেলায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন এই পরিস্থিতিকে মানুষের তৈরি জলাবদ্ধতা হিসেবে আখ্যায়িত করেছেন।ছবি: ইত্তেফাক

সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল রোববার বিকেলে জানান, অব্যাহত ভারী বর্ষণের কারণে সেনবাগের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, মাঠ ও আসার রাস্তায় পানি জমে গেছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনও আনুষ্ঠানিক নির্দেশনা না পাওয়ায় এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।