৩৬ মামলায় জামিন

চট্টগ্রামে আলোচিত শিবির ক্যাডার নাছির কারামুক্ত

আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন নাছির উদ্দিন ওরফে শিবির ক্যাডার নাছির। দীর্ঘ ২৬ বছর চার মাস পর কারামুক্ত হলেন তিনি। গতকাল রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার মঞ্জুর হোসেন।

নাছিরের বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডার, অপহরণসহ ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটির মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন। বাকি তিন মামলায় জামিন পেয়ে মুক্ত হন। এর মধ্যে সবশেষ ৮ আগস্ট একটি মামলায় জামিন হয়। আগেই দুটি মামলার জামিন হয়েছিল।

নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেন, নাছিরের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সবকটি মামলায় তিনি জামিন পেয়েছেন।

জানা গেছে, নাছিরের বাড়ি জেলার ফটিকছড়ি উপজেলায়। তবে তিনি নগরীর চন্দনপুরা এলাকায় তার সহযোগীদের নিয়ে অবস্থান করতেন। সেখান থেকে তিনি নগরী ও উত্তর চট্টগ্রামের বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতেন। ১৯৯৭ সালের প্রথম দিকে চট্টগ্রাম কলেজসংলগ্ন এলাকায় নাছিরকে ধরতে একবার বড় অভিযান চালানো হয়। সে সময় নাছিরের লোকজন ভারী অস্ত্র দিয়ে কাউন্টার অ্যাটাক করে পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেয়। এর পরও তাকে গ্রেফতার করা যায়নি। একই বছরের শেষের দিকে আবারও সেখানে অভিযান চালায়। ঐ অভিযানে সাত-আটটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। সে সময় বিডিআর সেলিমসহ কয়েক জনকে গ্রেফতার করা হলে আবারও ফসকে যান নাছির। পরে ১৯৯৮ সালের ৬ এপ্রিল অভিযান চালিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসসংলগ্ন এলাকা থেকে নাছিরকে গ্রেফতার করা হয়।