ফরিদপুরে ভূমি অফিসের অনিয়ম ধরলো শিক্ষার্থীরা

ফরিদপুর সদর উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার রাইসুল ইসলামের বিরুদ্ধে সেবা গ্রহীতার কাছে ঘুষ চাওয়ার অভিযোগ উঠে। এ সময় শিক্ষার্থীরা পরিদর্শনে গিয়ে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায়। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী রাতুল শেখ।

 
ভুক্তভোগী রাতুল শেখ বলেন, নামজারির জন্য সরকারি ফি লাগে এগারোশো টাকা। তারা দাবি করে ১৬০০ টাকা। আজ অফিসে একই কাজের জন্য ১৫ বারের মতো গেলাম। অফিসের সার্ভেয়ার রাইসুল ইসলামের নিয়োগ করা দালাল আমার কাছে এসে অতিরিক্ত চাঁদা দাবি করেছে। পরে ছাত্র-জনতার সহায়তায় জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছি। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঘুষ নেওয়ার জন্য সার্ভেয়ার রাইসুল একজন প্রতিবন্ধী যুবককে নিয়োগ দিয়েছেন। রাইসুলের কাছে কোন কাজ নিয়ে গেলে আগে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করতে হয়। 

সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। সেটা জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। 

এর আগে ফরিদপুরের ভূমি অফিসগুলোতে ঘুষ লেনদেনের ভিডিওসহ প্রতিবেদন প্রচার করেছিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। যা জেলাজুড়ে ব্যাপক আলোচিত হয়।