মিরসরাইয়ের চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আলী আজম রোকন ছাত্রদের আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে তার পদত্যাগের বিষয়টি বস্ত্র অধিদপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
জানা যায়, ১৪ আগস্ট দিনব্যাপী উপজেলার জোরারগঞ্জ এলাকায় অবস্থিত চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ আলী আজম রোকনের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন। এছাড়া, জুলাই মাস থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে ক্যাম্পাস প্রশাসনের নীরবতা, স্বৈরাচারী আচরণ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিসর্জন দিয়ে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে অধ্যক্ষ আলী আজম রোকন লিখিত পদত্যাগ পত্র আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এতে তিনি বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অব্যাহতি চেয়ে আবেদন করেন। পাশাপাশি, একটি হলের প্রভোস্ট জহুরুল আলম চৌধুরী ও রেজিস্ট্রার জাকির হোসেনও তাদের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
বস্ত্র অধিদপ্তরের একজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অধ্যক্ষ আলী আজম রোকন বৃহস্পতিবার বিকেলে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তারা সেটি গ্রহণ করেছেন।