সচিব শাহ কামালের আলিশান বাড়ির সন্ধান মিললো চাঁদপুরে

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক সচিব শাহ কামালের দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার হওয়ার পর এবার নিজ জেলা চাঁদপুরেও মিললো একটি আলিশান বাড়িসহ সম্পত্তির সন্ধান। চাকরি থেকে অবসরে যাওয়ার পর প্রায় সময় তিনি এ বাড়িতে থাকতেন বলে জানা গেছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। ছবি: সংগৃহীত

শনিবার (১৭ আগস্ট) দুপুরে চাঁদপুর শহরের বনবিভাগ সড়কের খলিশাডুলি গ্রামে শাহ কামালের ১০ ইউনিটের ৫তলা একটি ভবনের সন্ধান পাওয়া যায়। ওই বাড়িসহ তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ শতাংশ। বাড়িটি পৌরসভার মধ্যে হলেও পুরো বাড়ির কোথায় পাওয়া যায়নি হোল্ডিং নম্বর। কৌশল করে তিনি হোল্ডিং নম্বর বসাননি। বাড়ির সামনেও নেই কোনো নাম ফলক। 

চাঁদপুরে সন্ধান পাওয়া শাহ কামালের ৫তলা বাড়ি। ছবি: সংগৃহীত

শাহ কামালের বাড়ির উত্তরে আছে মো. নরুজ্জামান খান নামে ব্যক্তির বাড়ি। দক্ষিণে মো. আবুল বারী মিঞা ও শাহিনা আক্তারের বাড়ী। ওই বাড়ির পৌরসভার হোল্ডিং নম্বর হচ্ছে ৯৯৭/৫। পূর্ব দিকে চাঁদপুর বনবিভাগের কার্যালয়। 

শাহ কামালের মোহাম্মদপুরের বাসা থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

খলিশাডুলি গ্রামের বাসিন্দা মজিদ পাটওয়ারী। তার পিতা ও আত্মীয়দের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন শাহ কামাল। মজিদ পাটওয়ারী বলেন, প্রায় ২০ বছর আগে এই সম্পত্তি কেনা হয় শাহকামাল ও তার ভাই মাজহারুল আলমের নামে। তবে সর্বশেষ তিনি এইসব সম্পত্তি নিজের এবং স্ত্রীর ফারজানা সিদ্দিকা জুঁই-এর নামে লিখে নিয়েছেন। কিছুদিন আগে পাশের একটি জমিও কিনেছেন স্ত্রীর নামে।

স্থানীয় ব্যবসায়ী শাহ আলম বলেন, তিনি গত ৪দিন আগে রাত ১০টার দিকে বাড়িতে আসেন সাবেক সচিব শাহ কামাল। তার এই বাড়িটির নির্মাণ কাজ ও সবকিছু সামলাতেন মিজানুর রহমান নামে ঠিকাদার। 

এই বিষয়ে বক্তব্যের জন্য সাবেক সচিব শাহ কামালের ব্যক্তিগত নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়।