আন্দোলনে শহীদ প্রত্যেক পরিবারের পাশে থাকব: ছাত্রদল নেতা বাসার সিদ্দিকী

আমরা কোটা সংস্কার আন্দোলনে শহীদ প্রত্যেক পরিবারের পাশে থাকবো বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাসার সিদ্দিকী। 

এ সময় তিনি বলেন,‘কোটা সংস্কার আন্দোলনে ‘শহীদ’ পরিবারের পাশে থাকবে বিএনপি। এই আন্দোলনে আমাদের ধারণা মতে হাজারেরও অধিক শহীদ হয়েছেন। আহতদের সংখ্যাও অনেক। আমাদের দল বিএনপি ইতিমধ্যে আহতদের খোঁজ-খবর নিয়েছে। আমরা নিয়মিত আহতদের বিষয়ে খোঁজ-খবর রাখছি। যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করছি। তাছাড়া যারা শহীদ হয়েছেন তাদের বিষয়েও বিএনপি খোঁজ নিচ্ছে। আমরা প্রত্যেক শহীদের পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।’

শনিবার (১৭ আগস্ট) মাদারীপুর জেলার শিবচরে এক পথসভায় তিনি এ কথা বলেন। দুুপুরে তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলার মাঠ এলাকায় এলে হাজার হাজার মানুষের ঢল নামে। সংবর্ধনা দিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন অসংখ্য নেতাকর্মীরা।

জানতে চাইলে বাসার সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘বিএনপিতে কোন হাইব্রিড নেতা নেই। তবে একটা শ্রেণি আছে যারা অনুপ্রবেশকারী- সুবিধাভোগী। এরা বিভিন্ন সময়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ভেতর ঢোকার চেষ্টা করে। এবং তারা বিএনপি সাজার চেষ্টা করে। এটা আওয়ামীলীগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে আওয়ামীলীগ আগেও ছিল, এখনও আছে। বিএনপির হাইকমান্ড থেকে তৃণমূল পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যাতে করে হাইব্রিড কেউ দলে অনুপ্রবেশ করতে না পারে।’

তিনি আরও বলেন, ‘নব্য বিএনপি বা বিএনপি হতে চায় এমন কারও জন্য দলের দরজা বন্ধ।

শিবচরে বিএনপির ঐক্যের বিষয়ে সাবেক এই ছাত্রদল নেতা বলেন, ‘দলের স্বার্থে সবাইকে একটা প্লাটফর্মে এসে কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। শহীদ জিয়ার আদর্শ মতে ঐক্যের বিকল্প নাই। তাছাড়া আমি বিশ্বাস করি যে কেউ মনোনয়ন চাইলেই পাবে না। জনগনের সাথে সম্পৃক্ততা থাকতে হবে। জনগনের আস্থা অর্জন করতে হবে। জনগন যাকে চাইবেন তিনিই শিবচরের মনোনয়ন পাবেন বলে আমি মনে করি।’

বাসার সিদ্দিকী ২০১৬ সালে গঠিত ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক কারণে তাকে একাধিক বার কারাবরণ করতে হয়েছে। সর্বশেষ চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্ত হয়। এ ছাড়াও বিগত আওয়ামী লীগের শাসনামলে তিনি আওয়ামীলীগ নেতা-কর্মী এবং পুলিশি নানা ধরণের হুমকির কারণে বাড়িতে আসতে পারেননি বলে জানান। শনিবার তাকে স্বাগত জানাতে পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা থেকে মোটর শোভাযাত্রা বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।