সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে ২ হত্যা মামলা 

সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পৃথক ২টি হত্যা মামলা করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেন ও স্থানীয় সাংবাদিক এটিএম তুরাব হত্যার ঘটনায় মামলা দুটি দায়ের করা হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মামলা দায়ের করেন। দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক হাফিজুল ইসলাম বাদী হয়ে অপর মামলাটি করেন। 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি

জানা গেছে, আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি এটিএম তুরাব। এ ঘটনায় তুরাবের ভাই আবুল আহসান মো. আযরফ বাদী হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম উত্তর) মো. সাদেক দস্তগীর কাউসার, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ, সহকারী কমিশনার (কোতোয়ালি) মিজানুর রহমানসহ ১৮ জন।

ছাত্র আন্দোলন চলাকালে নিহত শাবিপ্রবির শিক্ষার্থী রুদ্র সেন ও সাংবাদিক এ টি এম তুরা। বছবি: সংগৃহীত

এদিকে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী রুদ্র সেনের মৃত্যুর ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ৭৬ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, নির্বিচারে গুলিবর্ষণ ও আক্রমণে আন্দোলনরত ছাত্র-জনতা গুলিবিদ্ধ হন। অনেকে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। সাউন্ড গ্রেনেড ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়ান তারা। এ সময় ধাওয়া খেয়ে আন্দোলনরত শাবি শিক্ষার্থী রুদ্র সেন নগরীর এতিম স্কুল রোডের একটি সংযোগ খালে পড়ে যান। পরে পানিতে ডুবিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন আসামিরা।