রাজবাড়ীর গোয়ালন্দে ঘুষের টাকা ফেরত পাওয়ার দাবিতে আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদেরকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে ছাত্ররা।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত কোটা বিরোধী ছাত্ররা প্রধান শিক্ষককে তার রুমে অবরুদ্ধ করে রাখে এবং ঘুষের ৭ লক্ষ ৪০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেয়। এসময় প্রধান শিক্ষক ফকির আব্দুল কাদের এক মাসের সময় চেয়ে তিনশত টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করে সই করেন এবং ৭ লক্ষ ৪০ হাজার টাকার একটি চেক প্রদান করেন।
জানা গেছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর জুড়ান মোল্লা পাড়ার জমেলা খাতুনের মেয়ে শিরীনকে এফকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, প্রায় পাঁচ বছর আগে ৭ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছিলেন। চাকরি না দিয়ে টাকা ফেরত দিতে গড়িমসি করা হয়। ভুক্তভোগী পরিবার বিভিন্ন লোকের মাধ্যমে টাকা ফেরত চাইতে থাকে। শেষে, এক পর্যায়ে প্রধান শিক্ষক একটি চেক দেন, যা ব্যাংকে জমা দিলে ডিজঅর্ডার হয়। এর পর ভুক্তভোগী পরিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে গিয়ে সহায়তা চান। ছাত্ররা চাপ দিলে প্রধান শিক্ষক এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনশত টাকার স্ট্যাম্পে লিখিত অঙ্গীকার করে এবং ৭ লক্ষ ৪০ হাজার টাকার একটি চেক প্রদান করেন।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, 'এ সংক্রান্ত ঘুষ নেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। ঘুষ নিয়ে চাকরি দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ। কেউ অভিযোগ করলে এবং তদন্তে সেটা প্রমাণিত হলে আমরা ব্যবস্থা নেবো।'