বাংলাদেশ পুলিশের ৪০তম সাব-ইন্সপেক্টর ও ২৬তম সার্জেন্ট নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত হয়েছেন প্রায় ৮০ প্রার্থী। নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন বঞ্চিতরা।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয় প্রাঙ্গণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।
আন্দোলনের এক পর্যায়ে নিয়োগ বঞ্চিতদের ৪ সদস্যের একটি টিম স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি জমা দেন। এ সময় তারা দ্রুত নিয়োগের দাবি জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করলে তারা আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করেন।
বক্তারা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, মাঠ পরীক্ষা, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হলেও অজানা কারণে আমাদেরকে ট্রেনিং এ পাঠানো হয়নি। আমরা রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছি। এতদিন পুলিশ সদরদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একাধিকবার যোগাযোগ করা হলেও আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি বরং আমাদের বিভিন্নভাবে হেনেস্তা করেছে। ফলে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমাদেরকে বঞ্চিত করে সাংবিধানিক ও মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুন্ন করা হচ্ছে। অতিদ্রুত আমাদেরকে নিয়োগের দাবি জানাই। নিয়োগের প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।