খুলনায় সাবেক জেল সুপার ও সাবেক জেলারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কারাগারের মধ্যে চিকিৎসা সেবার সুযোগ থেকে বঞ্চিত করা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে খুলনার সদ্য সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের, জেলার এজি মাহমুদ ও ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বাদী হয়ে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আনিসুর রহমানের আদালতে এ মামলা দায়ের করেন। 

আদালত মামলাটি গ্রহণ করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিবি-ডিসিকে তদন্ত করে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে  রিপোর্ট দাখিল করার নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একে এম শহীদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
 
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একে এম শহীদুল আলম জানান, মামলার বাদী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পী এজাহারে উল্লেখ করেন, গত ৩ মে খুলনা জেলা কারাগারে বন্দী অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে উক্ত আসামিরা তাকে চিকিৎসার সুযোগ দেননি। বরং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ৭ জানুযারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মামলায় বিএনপি নেতা এসএম মনিরুল হাসান বাপ্পীকে জেলহাজতে পাঠানো হয়েছিল।