বানিয়াচংয়ে শিশু হাসান নিহত

সাবেক এমপি রুয়েল ও মজিদ খানসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিশু হাসান মিয়া (১২) নিহতের ঘটনায় সদ্য সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানসহ ৪ শতাধিক জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত হাসানের পিতা ছানু মিয়া বাদি হয়ে বানিয়াচং থানায় এ মামলাটি দায়ের করেন। 

মামলায় উল্লেখিতরা ছাড়াও ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ শামসুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য আশিক মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খান তুহিন, ইংল্যান্ড প্রবাসী শাহ নেওয়াজসহ ১৬০ জনের নাম উল্লেখ করা হয়। উক্ত মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে ২০০ থেকে ২৫০ জন।

বানিয়াচং থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট শিক্ষার্থীদের বিজয় মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা ও পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি ছুড়েন। এ সময় গুলিতে শিশু হাসান মিয়াসহ ৯ জন নিহত হন।