আয় বৈষম্য মোকাবিলা করতে দরকারি সুচিন্তিত নীতি উদ্যোগ: ড. আতিউর

গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রবৃদ্ধি দ্রুততর হচ্ছে। তুলনামূলক কম গতিতে হলেও দারিদ্র্য নিরসন হচ্ছে। তবে এ সময়ে আয় বৈষম্য কিছুটা বেড়েছে। আমাদের ভোগ বৈষম্যের ক্ষেত্রে একটি স্থিতিশীল অবস্থা ধরে রাখা সম্ভব হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান গত শনিবার (০৬ জুলাই ২০১৯) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ ও অর্থনীতি বিভাগ আয়োজিত ‘ইনক্লুসিভ গ্রোথ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট; শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের ‘পোভার্টি এন্ড ইনিকুয়ালিটি’ শীর্ষক অধিবেশনে প্যানেল আলোচনায় এ কথা বলেন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম. এম. মান্নান। কনফারেন্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. আখতারুজ্জামান।

আরও পড়ুন: ৩০০০ বছর অক্ষত মমির মাথার চুল!

প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং মূল নিবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ উলস্টারের অধ্যাপক এস. আর. ওসমানি। অধ্যাপক রেহমান সোবহান এবং অধ্যাপক এম. এম. আকাশ প্যানেল আলোচনায় অংশ নেন। 

ড. আতিউর পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, নগরাঞ্চলের দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, গুণমানের শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি এবং সর্বোপরি ডিজিটাল প্রযুক্তি নির্ভর আর্থিক সেবার বিস্তারের মতো কিছু কৌশলগত নীতি উদ্যোগের কথা আলোচনা করেন। তিনি বলেন, এগুলো বাস্তবায়নের মাধ্যমে আয় বৈষম্য সঙ্কট মোকাবিলা করা সম্ভব হবে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে চর, হাওর ও উপকূলীয় এলাকার মতো যে অঞ্চলগুলো বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে সেগুলোর দিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
 
ইত্তেফাক/অনি