নয় দিন পর সূর্যের দেখা মিললো নোয়াখালীতে

অবিরাম ভারী বর্ষণ ও উজানের পানিতে নিমজ্জিত বানভাসি নোয়াখালীর মানুষ গত ৯দিনে সূর্যের দেখা পায়নি।  শুক্রবার (২৩ আগস্ট) সকালে জেলার বিভিন্ন স্থানে সূর্যের দেখা মেলে।

মেঘ দেখে এ জেলার মানুষ দীর্ঘ মহাবিপদের আশংকায় আঁতকে উঠেছে। আজ পবিত্র জুমার নামাজের দিনে সূর্যের লুকোচুরি মানুষের বিপদ কেটে যাওয়ার আভাস মিলছে।

জানা গেছে, টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে গেছে। পানিবন্দি হয়েছেন ২০ লাখ মানুষ। প্রায় ৪ শতাধিক আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। এছাড়া বন্যায় ভেসে গেছে ৮ উপজেলার কয়েক হাজার মাছের প্রজেক্ট, মুরগি খামার, আমনের বীজতলা, শাকসবজি খেত এবং ঝড়ো বাতাসে ভেঙে গেছে কাঁচা গাছপালা। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকা।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, সূর্যের দেখা মেলায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। তবে ৮ উপজেলার মানুষ এখনও পানিবন্দী। আমরা মানবিক সহায়তা হিসেবে ৫০৫ মেট্রিক টন চাল ও প্রায় ২৫ লাখ টাকা বিতরণ করেছি। পানিবন্দী ও বানভাসি মানুষের জন্য আমাদের ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত আছে।