ফারুক ও ফাহিমের বৈধতা নিশ্চিত করলো ক্রীড়া মন্ত্রণালয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লেগেছে সংস্কারের ছোঁয়া। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এ ছাড়াও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম।

নাজমুল হাসান পাপন এবং জালাল ইউনুসের পরিবর্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে ফারুক ও ফাহিমের নিয়োগের বৈধতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কারণ, নিয়ম অনুসারে বিসিবিতে প্রভাবে খাটাতে পারবে না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞা পেতে পারে ক্রিকেট বোর্ড।

তবে শুক্রবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমের নিয়োগের বৈধতা নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

 বিবৃতি জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রের ৯.৩.২ নং অনুচ্ছেদ মোতাবেক কাউন্সিলর ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইতিপূর্বে মনোনীত ০৫ (পাঁচ) জন প্রতিনিধির মধ্যে জনাব মোহাম্মদ জালাল ইউনুস গত ১৯ আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করলে, উক্ত ০১ (এক) টি শূন্য পদে জনাব নাজমুল আবেদীন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক মনোনয়ন দেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অপরদিকে গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ মোতাবেক পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইতিপূর্বের মনোনয়ন পরিবর্তন করে জনাব ফারুক আহমেদ এবং জনাব নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেওয়া হয় যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এরূপ মনোনয়ন আইনশাস্ত্রের এর ভিত্তিতে প্রচলিত বিধি-বিধানের সর্বোচ্চে সতর্ক প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সচিবলায়ে বৈঠকের মধ্যে দিয়ে নতুন সভাপতি হিসেবে নাম আসে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। একই সঙ্গে বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব নেন নাজমুল আবেদীন ফাহিম।