আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়ার 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর যেন মিছিলে নেমেছেন জার্মানির ফুটবলাররা। টনি ক্রুস, গুন্দোগানের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন দেশটির কিংবদন্তি গোলরক্ষক মানুয়েল নয়ার। গেল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের বিষয়টি জানান এই গোলরক্ষক।

 ৩৮ বছর বয়সী নয়ার নিজের বিদায়ী বার্তায় লেখেন, 'একটা সময় তো এই দিনটা আসারই ছিল। জার্মানির জাতীয় দলের হয়ে আজকে আমার যাত্রা শেষ। যারা আমাকে চেনেন, তারা সবাই জানেন যে, এই সিদ্ধান্তটা নিতে কতখানি যন্ত্রণা হয়েছিল। যদিও শারীরিকভাবে আমি এখনো ফিট। ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছাও ছিল। কিন্তু একই সঙ্গে আমার মনে হচ্ছে অবসর নেওয়ার এটাই আদর্শ সময়। বায়ার্ন মিউনিখের হয়েই এখন নিজের সেরাটা দিতে চাই।' 

জার্মানির জার্সি গায়ে ২০০৯ সালে অভিষেক হয় নয়ারের। এরপর টানা ১৫ বছর ধরে সামলেছেন দলের গোলপোস্ট। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৪ ম্যাচ। যার মধ্যে জাল অক্ষত রেখেছেন ৫১টিতে। জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ে তার ছিল বড় অবদান। ফাইনালে আর্জেন্টিনাকে বারবার ব্যর্থ করার পাশাপাশি পুরো আসরে দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জেতেন নয়ার। মোট চারটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি।