পাবনার সুজানগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
উপজেলার হাসামপুর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম গেদালাল উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় খুন, ধর্ষণ ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে বের হয় পুলিশ।
উপজেলার হাসামপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছামাত্র পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
গোলাগুলিতে সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন: অবশেষে সৌদির কনসার্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন নিকি মিনাজ
ঘটনাস্থল থেকে শাটারগান, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, হাসুয়া, ড্যাগার, কিরিচ, প্লাস, দুটি টর্চলাইট পাওয়া যায়। সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি