শিক্ষার্থীরা হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে ত্রাণ তহবিলে: আজহারী

দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। টিএসসির মূল ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চেয়ার-টেবিলসহ বুথ তৈরি করে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে। যেখানে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নামছে।

ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন টিএসসিতে ত্রাণ দিতে যাচ্ছেন। তা দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন, প্রশংসাও করছেন। শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টার পর নিজের ফেসবুক আইডিতে টিএসসির ত্রাণ কর্মসূচি নিয়ে পোস্টে করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয় না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়— সেই ছাত্রছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে। মাশাআল্লাহ! আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে গণত্রাণ কর্মসূচিতে শামিল হতে কেউ মুড়ি-চিড়া, কেউ বিস্কুটসহ শুকনো খাবার নিয়ে আসছেন। স্বেচ্ছাসেবকেরা সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে জমা করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে কেউ কেউ নগদ টাকা দিয়ে শামিল হচ্ছেন। বুথে বসা শিক্ষার্থীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন। কর্মসূচিতে শুক্রবার রাত ১০টা পর্যন্ত নগদ সংগ্রহ হয়েছে ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ৯৪৭ টাকা। শেষ ৫ ঘন্টায় সংগ্রহ ৬৭ লাখ টাকা। অনলাইন-অফলাইনে চলছে ত্রাণ সংগ্রহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ শনিবার (২৪ আগস্ট) ফেসবুকে লিখেছেন, আগামীকাল (রোববার) থেকে বন্যাকবলিত এলাকায় গণরান্না কর্মসূচির পরিকল্পনা করছি। আপনারা শুকনা খাবারের পাশাপাশি চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মসলা নিয়ে আসুন।