গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবঞ্জ মহাসড়কে লস্করহাটি এলাকায় গরু নিয়ে সড়ক পারাপার হওয়ার সময় ট্রাকে ধাক্কায় মনিরুল নামে ওই যুবক ঘটনা স্থলেই নিহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুব ভোরে আম বহনকারী একটি ছোট ট্রাক রাজশাহী থেকে চাঁপাই নবাবগঞ্জের দিকে যাচ্ছিল সে সময় লস্করহাটি উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি ফুটপাতে গিয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত যুবক মনিরুল ইসলাম (৩২) গোদাগাড়ী উপজেলার আতাহার গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। তবে মনিরুল ইসলাম তার শ্বশুর বাড়ি সুলতাগঞ্জ গ্রাম বসবাস করে সেখান থেকেই গরু নিয়ে বাসুদেবপুরের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মনিরুল ইসলামকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে।

ইত্তেফাক/আরকেজি