গাজীপুরের শ্রীপুরে বেতন-বোনাস ও বাৎসরিক লভ্যাংশের পার্সেন্টেজ বাড়ানোসহ বেশ কিছু দাবি নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কয়েক হাজার মানুষ।
শনিবার (২৪ আগষ্ট) দুপুরে শ্রীপুরের গিলারচালা এলাকার প্যারামাউন্ট কারখানার কয়েক হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। ঘটনার পরপরই শিল্পপুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শারমিন আক্তার, মানিক মিয়া ও নাজমুল মিয়া জানান, আমাদের দাবিদাওয়া নিয়ে গেলে কারখারনার কর্তারা তাড়িয়ে দেন। এ জন্যই রাস্তায় এসেছি। রাস্তা থেকে সমাধান নিয়ে কর্মস্থলে ফিরব।
জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিশ ছাড়াই শ্রমিকদের কাছ থেকে জোর করে রিজাইন লেটারে স্বাক্ষর নিয়ে ছাঁটাই করে দেয়। এছাড়া ঈদে মাত্র ৩ দিনের ছুটি দেয়, বাৎসরিক লভ্যাংশের যে টাকা দেয় সেটা তুলনামূলক কম।
প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. মাইনুদ্দিন বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।