বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা মামলার অন্যতম আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদপুর থানায় করা ২২ আগস্টের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সাদেক খান বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপর হামলা মামলার অন্যতম আসামি। ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলা হয়।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা–১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাদেক খান। এই আসন থেকে সাদেক খানের আগে দুবার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বর্তমান সদস্য জাহাঙ্গীর কবির নানক। তাকে বাদ দিয়ে একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ সাদেক খানকে দলীয় মনোনয়ন দিয়েছিল।