সম্পূর্ণ মেধা ও যোগ্যতায় নোয়াখালী জেলায় পুলিশ কনস্টেবল পদে ২৩২ জন তরুণ-তরুণীকে চাকরি দিয়েছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মেধায় উত্তীর্ণ নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। বিয়ষটি নিশ্চত করে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, কোন তদবীর নয়, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে গরীব মানুষের সন্তানদের চাকরি দেয়া হয়েছে।
তাদের চাকরি পেতে মাত্র ১০৩ টাকা খরচ হয়েছে। চাকরিপ্রাপ্তদের মধ্যে কোটা ভিত্তিক সাধারণ পুরুষ ১৬২ জন, নারী ৪০ জন, মুক্তিযোদ্ধা পুরুষ ২২ জন, নারী ১ জন, পুলিশ পোষ্য পুরুষ ৪ জন ও নারী ১ জন এবং এতিম পুরুষ ২ জনসহ ২৩২জন রয়েছেন। এদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় কেউ উত্তীর্ণ না হলে অপেক্ষমান তালিকা থেকে নেয়া হবে বলে পুলিশ সুপার জানান।
জানা যায়, গত ৩ জুলাই থেকে এ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। প্রথম ধাপে শারিরীক পরীক্ষায় ৮৬২জন উত্তীর্ণ হয়। পরদিন এদের মধ্যে ১১জন ছাড়া (পরীক্ষায় অংশ করেনি) ৮৫১জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে মেধা তালিকায় ৩১২জন উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ৮জুলাই সোমবার রাতভর ও আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত মৌখিক পরীক্ষা শেষে রাতে মেধা তালিকা প্রকাশ করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই গরীব পরিবারের সন্তান। তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন গত নিয়োগের সময় লিখিত পরীক্ষায় মেধা তালিকা উত্তীর্ণ হয়েও টাকা না থাকায় চাকরি পায়নি। এবার মাত্র ১০৩ টাকায় চাকরি পাবে তা কল্পনাও করেতে পরেনি তারা। কিন্তু নিয়োগ পরীক্ষা শুরুর আগে জেলা পুলিশের পক্ষ থেকে এক শ্রেণির অসাধু ব্যক্তি, প্রতারক ও দালালচক্রকে কোন অর্থ না দিতে এবং মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে নিয়োগ দেয়ার প্রচারনা তাদেরকে চাকরি পেতে আশান্বিত করে। নিজদের যোগ্যতায় চাকরি পেতে পুলিশ সুপারের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানায় তারা। টাকা ছাড়া মেধা ও যোগ্যতায় চাকরি পেয়ে তারা আজ আনন্দে আত্মহারা।
জেলার পুলিশ সুপার মো.আলমগীর হোসেন জানান, শতভাগ মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রদানের উদ্দেশে আগ থেকে প্রচার প্রচারাণা চালানো হয়। আর্থিক লেনদেনসহ সব অনিয়ম ও সুপারিশ পরিহার করে কোন রকম বিপত্তি ছাড়া পুলিশ কনস্টেবল নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরে নিয়োগপ্রাপ্তদের মত আমারও খুব ভালো লাগছে।
আরও পড়ুন: সাভারে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
উল্লেখ্য-এর আগে জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগে নানা অনিয়ম ও বাণিজ্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা এবং সমালোচনা হলেও এবার তা সরকার ও প্রশাসনের কঠোরতার কারণে তেমন একটা পরিরক্ষিত হয়নি বললে চলে।
ইত্তেফাক/আরকেজি