সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমানসহ মোট ১৭৪ জনের নামের দোহার থানায় মামলা করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর এলাকার শাহজাহান মাঝি বাদী হয়ে মামলাটি করেন।
এ মামলায় আরও আসামি হয়েছেন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারিসহ দুই উপজেলার আওয়ামী লীগের নেতারা।
মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট দোহারের করম আলীর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যান বাদী ও তার স্বজন সোনিয়া আক্তার। এ সময় সালমান এফ রহমানের পরোক্ষ নির্দেশে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা অস্ত্র ও বিস্ফোরক নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করে। এতে শাজাহান মাঝিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
দোহার থানার ওসি মো. হারুন অর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।