অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেদওয়ানুল রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ও তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

রোববার (২৫ আগস্ট) সকালে বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ ও বিচারের দাবি করে নানা শ্লোগান দিতে দেখা যায়। 

বিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে জাকির হোসেন বলেন, অধ্যক্ষ রেদওয়ানুল রহমান সরকারের টিউশন ফি ১ লাখ ৫৫ হাজার টাকা শিক্ষকমণ্ডলীর সঙ্গে আলোচনা না করে একক কর্তৃত্ব খাটিয়ে মাত্র ৫৫ হাজার টাকা বিতরণ করেন। অবশিষ্ট টাকা তিনি আত্মসাৎ করেন। তিনি আওয়ামী লীগ নেতার ছত্রচ্ছায়ায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ ৯ জন কর্মচারী নিয়োগ প্রদান করেন। এতে তিনি কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেন। এসব টাকা অধ্যক্ষ, গভনিং বডির মেম্বার ও অফিস সহকারীদের যোগসাজসে আত্মসাৎ করেছেন। 

এ ছাড়াও রেদওয়ানুল রহমান জালিয়াত করে অফিস সহায়ক পদে মজিদুল হক নামে তার এক পছন্দের ব্যক্তিকে নিয়োগ প্রদান করেন। এতে তৎকালীন প্রধান শিক্ষকের স্বাক্ষর করে ৮ম শ্রেণি পাশের সদন জাল জালিয়াতের অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, গত কয়েক বছর ধরে সরকারের বিভিন্ন পর্যায়ে অধ্যক্ষের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি নিয়ে অভিযোগ জানালে কোনো সুরাহা হয়নি। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দাবি জানালেও কোনো দাবি মেনে নেয়নি কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ তাদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে অধ্যক্ষের অনুগত কিছু শিক্ষক কর্মচারী তাদের নানান হুমকি দিয়ে যাচ্ছে। 

অভিযুক্ত অধ্যক্ষ রেদওয়ানুল রহমান বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।