বরিশালের বাকেরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পৌর অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক আ খ ম ফিরোজ আলমের সভাপতিত্বে সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দীন বাবর, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মেঝ ছেলে কেন্দ্রীয় জামায়াত নেতা শামিম সাঈদী ও জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী।
অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দীন রোকন ডাকুয়া, উপজেলা বিএনপির আহবায়ক হারুন-অর-রশিদ জোমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, পৌর বিএনপির সদস্য সচিব শাহিন তালুকদারসহ অনেকে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ উপজেলায় শহীদ হওয়া ৬ পরিবারের মধ্যে ১২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলার বলাইকাঠীর সোলায়মান সিকদারের ছেলে শহীদ শাওন সিকদারের (২২) পরিবারকে ২ লাখ টাকা, দুধল কবিরাজের তাহের আকনের ছেলে শহীদ আব্দুল ওয়াদুদের(৪০) পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা,পাদ্রীশিবপুর শাকবুনিয়ার আব্দুল লতিফ ফরাজীর ছেলে শহীদ রবিউল ফরাজীর(২৬) পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা, দুধল সুন্দরকাঠীর খলিলুর রহমানের পুত্র শহীদ আরিফুর রহমান রাসেল তালুকদারের(৩০) পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা, কবাই ইউপির ইউসুফ আলী সিকদারের পুত্র শহীদ মো. সুমনের(৪২) পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা, পূর্ব সুন্দরকাঠীর মিরন হাওলাদারের ছেলে শহীদ মো. সাজিদের(২২) পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হয়। এ ছাড়াও ১ লাখ ৫০ হাজার পাওয়া পাওয়া প্রত্যেক পরিবারকে শহীদ হওয়ার পরপরই বাড়িতে গিয়ে নগদ ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছিল বলে উপজেলা আমির অধ্যাপক আ খ ম ফিরোজ আলম নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে শহীদ আরিফুল ইসলাম রাসেলের স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার স্বামী শহীদ হয়ে এ দেশের মানুষকে একটা গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করার চেষ্টা করে ইতিহাস সৃষ্টি করে গেছেন। আমরা এখন মুক্ত বাতাসের স্বাদ নিচ্ছি, নতুন বাংলাদেশ সৃষ্টিতে আর যেন কোন মায়ের বুক খালি না হয় এবং কোন স্ত্রী স্বামী হারা না হয় এ লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করতে হবে।
সহায়তা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে ইসলাম কায়েম করার লক্ষ্যে দেশ, মাটি ও মানুষের মুক্তির জন্য বৈষম্য নিরসনে কাজ করছে। সকলের সহযোগিতা পেলে বাংলাদেশে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারব।