এবার প্রযোজকের ভূমিকায় সেলেনা গোমেজ

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ডিজনিতে প্রচারিত ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’, সেসময়ের সবচেয়ে আলোচিত টিন সিচুয়েশন কমেডিগুলোর একটি। এই সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছিলেন সেলেনা গোমেজ। দীর্ঘ এক যুগ পর এই জনপ্রিয় সিরিজের স্পিন-অফ সিরিজ ‘উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস’ পর্দায় আসতে চলেছে।

সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত

নতুন সিরিজে সেলেনা আছেন প্রযোজকের ভূমিকায়। মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গায়িকা-অভিনেত্রী সিরিজের সঙ্গে আবার যুক্ত হওয়াকে ‘ঘরে ফেরা’ হিসেবে অভিহিত করেছেন।

সেলেনা বলেছেন, ‘মনে হচ্ছে, আমি আবার ঘরে ফিরেছি। আমি খুবই আনন্দিত, এখনকার শিশুদের জন্য নিজের কৈশোরের নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছি।’ মূল সিরিজে ‘অ্যালেক্স রুশো’ চরিত্রে অভিনয় করেছিলেন সেলেনা।

কান চলচ্চিত্র উৎসবে সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত

সিরিজটির চারটি মৌসুম প্রচারিত হয়েছে। নতুন সিরিজটির ভবিষ্যৎ নিয়ে অবশ্য এখনই ভাবতে নারাজ অভিনেত্রী। তিনি বলেছেন, ‘আমি জানি না, ঠিক কত দিন এটা চলবে। দর্শকেরা আগে পছন্দ করুক, তারপর দেখা যাবে।’

স্পিন-অফ সিরিজে অ্যালেক্সের ভাই জাস্টিনের চরিত্রে অভিনয় করেছেন ডেভিড হেনরি। ডেভিড জানান, স্পিন সিরিজটি নিয়ে সেলেনার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে আলোচনা করেছেন।

‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর চতুর্থ মৌসুমের প্রিমিয়ারে সহ–শিল্পীদের সঙ্গে সেলফি নিচ্ছেন সেলেনা। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর এটা নিয়ে কথা বলেছি। জনপ্রিয় সিরিজটির চরিত্রগুলোকে আবার কীভাবে ফিরিয়ে আনা যায়, ভেবেছি।’ তবে স্পিন-অফ সিরিজটির মুক্তির দিন এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে সেলেনা শিগগিরই পর্দায় ফিরছেন। তার অভিনীত আলোচিত সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর চতুর্থ মৌসুমের প্রথম পর্ব মুক্তি পাবে ২৭ আগস্ট। ১০ পর্বের সিরিজের বাকি পর্বগুলো আগামী ২৯ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে মুক্তি পাবে।

সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসে হয় সিরিজটির প্রিমিয়ার, যেখানে সেলেনা ছাড়াও ছিলেন সিরিজের অভিনয়শিল্পী মেরিল স্ট্রিপ, স্টিভ মার্টিন, মার্টিন শর্টসহ অনেকেই।