চলমান বন্যা পরিস্থিতিতে বন্যাদুর্গত নোয়াখালী ও খাগড়াছড়ি জেলায় আরও তিনজনের মৃত্যুতে সোমবার (২৬ আগস্ট) বিকাল পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় এখন পর্যন্ত দেশের ১১ জেলার ৭৪টি উপজেলায় ১২ লাখেরও বেশি পরিবার পানিবন্দী বলেও জানা গেছে।
এ দিকে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়া সত্ত্বেও কুমিল্লার গোমতী নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) তথ্য অনুযায়ী, কুমিল্লা পয়েন্টে গোমতী নদীর পানি গতকাল সন্ধ্যা পর্যন্ত বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুশিয়ারা ও মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে নেমে গেলেও খুব ধীরগতিতে কমছে পানি।
এফএফডব্লিউসির নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন, `কুমিল্লার পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই মোটামুটি নেমে যাবে। আগামী কয়েকদিনে দেশের কোথাও নতুন করে বন্যার সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় নদীগুলোর পানি কমার হার বিগত দিনগুলোর চেয়ে বেশি ছিল। বন্যা পরিস্থিতি আগামী ২ দিনের মধ্যে অনেকটাই উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে বন্যায় ৫৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৫৪৫টি পৌরসভা বা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি। এরই মধ্যে ৩ হাজার ৮৩৪টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২৩ জন। এ ছাড়া ২৮ হাজার ৯০৭টি গৃহপালিত পশু রাখা হয়েছে।
বন্যাকবলিত জেলাগুলোতে ৩ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ, ২০ হাজার ৬৫০ টন চাল, ১৫ হাজার শুকনো খাবার বা অন্যান্য খাবারের প্যাকেট এবং শিশু খাদ্য ও পশুর খাদ্যে ৩৫ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় মোট ৬৪৫টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফেনী জেলায় মোবাইল ও টেলিযোগাযোগ সেবা পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়া ফিল্ড হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দেওয়া ত্রাণসামগ্রী বিতরণ চলছে।
জেলা প্রশাসকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
এ দিকে, সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের তৎসংলগ্ন দক্ষিণাঞ্চলের নিম্নচাপটি ঘনীভূত হয়ে একটি সু-চিহ্নিত নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে, উত্তর বঙ্গোপসাগরে গভীর পরিচলন ঘটছে, যার ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলগুলোতে দমকা বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রকাশিত বিএমডি বুলেটিনে আরও বলা হয়— ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
বাংলাদেশের বন্যা দুর্গতদের সহায়তায় ৩৩ হাজার পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য
ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের জন্য ৩৩,০০০ পাউন্ড তাৎক্ষণিক মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— এই সাহায্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান, খাদ্য, নগদ অর্থ স্থানান্তর, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ব্যবহার করা যাবে।
টিবিএস