কেন্দুয়া-নেত্রকোনা সড়কে কালভার্ট ভেঙে মরণফাঁদ

কেন্দুয়া-নেত্রকোনা সড়কের ভরাপাড়া নামক এলাকায় একটি কালভার্ট ভেঙে গিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এ অবস্থায় ব্যস্ততম ওই সড়ক দিয়ে ছোট ও মাঝারি আকারের যানবাহন চলাচল করলেও ভারী যান চলাচল ব্যাহত হচ্ছে। তাই বাধ্য হয়েই ভারী যানবাহনগুলোকে বিকল্প রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক আগে একটি ট্রাক ভাঙা কালভার্টে আটকে যায়। এ সময় সড়কের দুপাশে দীর্ঘ যানজট লাগে। এতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। পরে এলাকার লোকজন গিয়ে গর্ত থেকে ট্রাকটি ওঠাতে সক্ষম হয়। সেই থেকে দুর্ঘটনা এড়াতে এ সড়ক দিয়ে সিলেট ও চট্টগ্রামে যাতায়াতকারী যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাকসহ ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

তবে ভারী যানবাহনগুলো বালিজুড়া মোড় সড়ক ও উলুয়াটী ছোট রাস্তা দিয়ে সাহিতপুর হয়ে যাতায়াত করছে। এতে করে বাস-ট্রাকগুলো কেন্দুয়া সদরে আসতে না পারায় যাত্রী দুর্ভোগসহ মালামাল পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় বালিজুড়া বাজারের ওষুধ ব্যবসায়ী ডা. আব্দুর রহিম জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন বাস-ট্রাকসহ অসংখ্য যানবাহন যাতায়াত করে। বছরখানেক আগে এই কালভার্টটির কিছু অংশ ভেঙে পড়ে। পরে ভাঙা কালভার্টের ওপর দুইটি লোহার পাটাতন দেওয়া হয়। বর্তমানে পাটাতন দুটিও দূর্বল হয়ে ভেঙে পড়েছে। মাঝে একবার কজন লোক এসে ফিতা দিয়ে মেপে গেছেন। কিন্তু র্দীঘদিন ধরে কালভার্টটির দূরাবস্থা সকলের নজরে পড়লেও সড়ক ও জনপথ বিভাগের নজরে পড়েনি। কালভার্টটি অচিরেই মেরামত না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানী ঘটতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ডোমারের প্রধান সমস্যা এখন প্রধান সড়কটি

এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/নূহু