লাক্সস্টাইল অ্যাওয়ার্ড পেলেন শবনম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হলেন। গত ৭ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত লাক্সস্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর হাতে ‘আজীবন সম্মাননা’ তুলে দেওয়া হয়। অবশ্য এ সময় শুধু শবনমকেই নয়, পাকিস্তানের আরেক জনপ্রিয় কিংবদন্তি নায়ক নাদিমকেও ‘আজীবন সম্মাননায়’ ভূষিত করা হয়। দুজনকে একইমঞ্চে একসঙ্গে এই সম্মাননায় ভূষিত করা হয়। এ সময় শবনমের সঙ্গে ছিলেন তাঁরই একমাত্র ছেলে রনি ঘোষ। এ প্রসঙ্গে শবনম সাংবাদিকদের বলেন, ‘বেশ কয়েক বছর আগে অন্য একটি অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। অবশ্য আগের বারের চেয়ে এবারের অনুষ্ঠানটি আরো অনেক গর্জিয়াস। মঞ্চে এই সময়ের তরুণ নায়কের সঙ্গে আমাকে পারফর্ম করতে হয়েছে। আমি কৃতজ্ঞ লাক্সস্টাইল পরিবারের কাছে। কারণ আমি তো এখন আমার জন্মভূমি বাংলাদেশে থাকি। সেখান থেকে পাকিস্তানে এনে আমাকে সবধরনের সুবিধা দিয়ে আমার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হলো। এটা যে কত বড় প্রাপ্তি, কত আনন্দের, তা ব্যাখা করা সম্ভব নয়।’ আলী তাহেরের নির্দেশনায় শবনম পাকিস্তানের একটি চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক ‘মোহিনী ম্যানশন কি সিনড্রেলা’য় নাম ভূমিকায় অভিনয় করছেন। এরইমধ্যে বেশকিছু পর্ব প্রচারের পর শবনম বেশ সাড়া পাচ্ছেন। গেল মার্চ মাসে শবনম ‘আলোকিত নারী ২০১৯’-এ ভূষিত হন। তাঁকে এই সম্মাননায় ভূষিত করে আরটিভি। বাংলাদেশে সর্বশেষ কাজী হায়াত্ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় অভিনয় করেন শবনম। এরপর আর কোনো সিনেমায় তাঁকে অভিনয়ে দেখা যায়নি।