মা হ মু দু ল আ মি ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা লাক্সতারকা বিদ্যা সিনহা মিম সিনেমায় তার অভিনয়জীবনের সেরা অভিনয় করেছেন ‘সাপলুডু’তে। আর বিষয়টি এই অভিনেত্রীসহ সংশ্লিষ্ট অনেকেই স্বীকার করলেন। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এই চলচ্চিত্রে মিম পুষ্প চরিত্রে অভিনয় করেছেন। আশা করা যাচ্ছে, সিনেমাটি মুক্তি পেলে পুষ্প চরিত্রে মিমের অনবদ্য অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন। গত পহেলা বৈশাখে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনো মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে জানিয়েছেন পরিচালক। এই চলচ্চিত্রে মিমের বিপরীতে আছেন আরিফিন শুভ। এ সিনেমা প্রসঙ্গে মিম বলেন, ‘দোদুল ভাইয়ের নির্দেশনায় ‘সাপলুডু’ চলচ্চিত্রে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি পুষ্পকে যথাযথভাবে পর্দায় তুলে ধরতে। আমি এই ছবিতে শুটিংয়ের সময়টুকুতে চেষ্টা করেছি পুষ্পতে মগ্ন থাকতে। ইউনিটের সবাই আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন, এটাও আমার এক ধরনের প্রাপ্তি। তবে ‘সাপলুডু’ নিয়ে অন্য অনেকের মতো আমিও দারুণ আশাবাদী। কারণ এর গল্প ও নির্মাণশৈলী নিঃসন্দেহে অসাধারণ। যে কারণে দর্শক যে এই সিনেমাটি দেখতে আগ্রহী হয়ে উঠবে, তা নিশ্চিত বলা যায়।’ এদিকে গত ঈদে গোলাম সোহরাব দোদুলেরই পরিচালনায় মিম ‘নীল দরজা’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। এতেও মিমের অভিনয় বেশ প্রশংসিত হয়। এতে তাঁর বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী। অবশ্য ‘নীল দরজা’য় কাজ করার আগে মিম অনিমেষ আইচের নির্দেশনায় ‘বিউটি অ্যান্ড বুলেট’ নামক ওয়েব সিরিজেও কাজ করেছিলেন। তবে এটি এখনো প্রচারে আসেনি। এতে মিমের বিপরীতে আছেন তাহসান খান। মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অঙ্কিত আদিত্য পরিচালিত ‘থাই কারি’। মিম অভিনীত প্রথম সিনেমা ছিল হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’। প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। মিম তাঁর নিজের আজকের এই অবস্থানের পেছনে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর বাবা বীরেন্দ্র নাথ সাহা ও মা ছবি সাহার কাছে। এদিকে আগামী কোরবানির ঈদে নতুন কোনো ওয়েব সিরিজে কাজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে মিম বলেন, ‘বেশ কয়েকজনের সঙ্গে ওয়েব সিরিজে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে। তবে যেহেতু এখনো চূড়ান্ত নয়, তাই কারো নাম প্রকাশ করতে চাচ্ছি না। তবে যদি করি, সেটি হবে দর্শকের জন্য চমক।’