সুব্রত নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেন তিনি। এরইমধ্যে প্রথমবারের মতো সুব্রত ও ছোটপর্দার প্রিয় মুখ ফারজানা চুমকি একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের চিনিগুঁড়া চালের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তাঁরা। এরইমধ্যে বিজ্ঞাপনটির নির্মাণ কাজ শেষে প্রচারেও এসেছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন অঞ্জলি সাথী। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে সুব্রত বলেন, ‘অনেক অ্যারেঞ্জমেন্টের একটি বিজ্ঞাপন ছিল এটি। যে কারণে আমাদের সবাইকে অনেক কষ্ট করে এতে কাজ করতে হয়েছে। চুমকির সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি খুবই মিশুক প্রকৃতির একজন মানুষ। আর এত বিনয়ী একজন শিল্পী, সত্যিই তাঁর সঙ্গে কাজ করে মুগ্ধ আমি। বিজ্ঞাপনটি প্রচারে যে এসেছে, তা দর্শকের সাড়া থেকেই অনুভব করতে পারছি।’ আর ফারজানা চুমকি বলেন, ‘সুব্রত দাদার বেশকিছু সিনেমা দেখেছি আমি। বিশেষত ‘মালা বদল’ সিনেমাটির কথা খুব মনে পড়ে। ববিতা আপার সঙ্গে তাঁর ‘চণ্ডীদাস ও রজকিনী’ সিনেমাটার কথাও খুব মনে পড়ে। তিনিও একসময়ের দাপুটে অভিনেতা। তাঁর সঙ্গে একই বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে অনেক কিছু জেনেছি। ভালো লেগেছে কাজ করে। আমার চলার পথে তাঁর সঙ্গে কাজ করে অন্যরকম অভিজ্ঞতা হলো, যা ভবিষ্যতে আমার নিশ্চয়ই কাজে লাগবে।’ ১৯৮৪ সালের ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে সিনেমায় সুব্রতর সম্পৃক্ততা। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘রাই বিনোদিনী’। বর্তমানে তিনি ‘গাঙচিল’, ‘একটি প্রেম দরকার’, ‘শাহেনশাহ’, ‘সমাধান’, ‘হূদয়জুড়ে’ নামের সিনেমাগুলোয় কাজ করা নিয়ে ব্যস্ত আছেন। এদিকে গত ঈদে ফারজানা চুমকিকে মীর সাব্বিরের নির্দেশনায় এনটিভির সাত পর্বের ঈদ ধারাবাহিক ‘মতলব’-এ অভিনয়ে দেখা গেছে।