ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর নামে মামলা

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

এ ছাড়া বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাছিমা মুকাই আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৬৮ জনের নামে কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের গাড়ি ভাঙচুর ও তার কর্মীদের মারধর করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ শে আগস্ট) রাতে বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাষ্টু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল।

জানা যায়, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর রোববার সকালে বিএনপির সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল নির্বাচনী প্রচারণায় আসলে আওয়ামী লীগ সংসদ সদস্য প্রার্থী সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর নির্দেশে মির্জাপুর এলাকায়  উপজেলা পরিষদের সামনের রাস্তায় গাড়ি বহরে হামলা চালিয়ে গাড়ি ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করে  বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা, যুগ্ন সম্পাদক রমজান মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হৃদয়,পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আজাদ খন্দকার, সিংগারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক, হরষপুর ইউপি চেয়ারম্যান সারুয়ার আলম, চান্দুরা ইউনিয়ন চেয়ারম্যান শামিউল হকসহ ১৬৮ জনের নাম উল্লেখ করা হয়।