নাজমুল হাসান পাপনের বোর্ডে সর্বেসর্বা ছিলেন তিনি নিজেই। কিন্তু এখন পটপরিবর্তন হয়েছে। পাপনের পদত্যাগের পরে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তাতে বোর্ডেও এসেছে কিছু পরিবর্তন।
আজ বিকেল ৩টায় বিসিবির কার্যালয়ে ফারুক আহমেদের হাত ধরে প্রথম সভা অনুষ্ঠিত হবে। এই সভা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। পাপন ছাড়াও ১৩ জন পরিচালক গা ঢাকা দেওয়ায় বিসিবির কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। সেগুলো স্বাভাবিক রাখতে স্ট্যান্ডিং কমিটিতে রদবদল করা হবে এই সভার মাধ্যমে। সেটি নিয়েই পরিচালকদের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এ দিকে এই সভাতেও ঐ ১৩ জন পরিচালক উপস্থিত না থাকার বিষয়েই গুঞ্জন রয়েছে।
এই সভার পরে আর একটি সভায় তারা অনুপস্থিত থাকলে তাদের পদ বিলুপ্ত হয়ে যাবে। তবে তার আগে আজকের সভায় পদত্যাগপত্র পাঠাতে পারেন অনেকে, এমনটিই জানা গেছে। ফারুক ও ফাহিম বাদে এই মুহূর্তে বিসিবির নিয়মিত কার্যক্রমে অংশ নিচ্ছেন ৮ পরিচালক। তারা হলেন- আকরাম খান, কাজী ইনাম আহমেদ, মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, মাহবুবুল আনাম, মো. সালাউদ্দিন চৌধুরী, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু ও খালেদ মাহমুদ সুজন। গা ঢাকা দিয়েছেন- নাঈমুর রহমান দুর্জয়, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাসির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, গাজী গোলাম মোর্তজা, নজিব আহমেদ, ওবায়েদ রশিদ নিজাম, ইসমাইল হায়দার মল্লিক, এনায়েত হোসেন সিরাজ, মনজুর কাদের ও মো. মনজুর আলম। তাদের মধ্য থেকে দুর্জয়, ইসমাইল হায়দার, শেখ সোহেলসহ আরও অনেকে পদত্যাগপত্র জমা দিতে পারেন। তবে তারা পদত্যাগ না করলেও আজকের পরে আর একটি সভায় অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে সেসব পদ শূন্য হয়ে যাবে।
এই মুহূর্তে যে ১০ জন পরিচালক উপস্থিত রয়েছেন তাদেরকে নিয়ে অর্থ, ক্রিকেট পরিচালনা ও বিপিএল গভর্নিং কাউন্সিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের কমিটি পুনর্গঠন করা হবে। এই কমিটিগুলোতে উপস্থিত পরিচালকদের অনেকে রয়েছেন। তাদের স্থলে নতুন কেউ আসলে নিজেদের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার শঙ্কা রয়েছে। যদিও গণমাধ্যমে সভাপতি ফারুক বলে আসছেন, সকলকে নিয়ে ইতিবাচক ক্রিকেটের জন্য কাজ করবেন। গুঞ্জন রয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হতে যাচ্ছেন ফাহিম সিনহা। ক্রিকেট অপারেশন্স ও গেম ডেভেলপমেন্টের পদ পেতে পারেন নতুন পরিচাল নাজমুল আবেদীন ফাহিম। গেম ডেভেলপমেন্টের দায়িত্বে বর্তমানে রয়েছেন খালেদ মাহমুদ সুজন।
এ দিকে সাকিব আল হাসানের বিষয়ে ইতিবাচক দেখা গেছে বিসিবিকে। তার বিরুদ্ধে হত্যা মামলার পরে দেশে ফিরিয়ে আনার উকিল নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু বিসিবি থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন। তাতে স্পষ্ট, সাকিব সহসাই দেশে ফিরছেন না। বিদেশে থেকেই তিনি জাতীয় দলের খেলা চালিয়ে যাবেন দেশের বাইরের সিরিজগুলোতে। তাকে আইনি সহায়তা দেওয়ার যে গুঞ্জন চলছে বিসিবির পক্ষ থেকে, সেই বিষয় নিয়েই আজ বোর্ড সভায় আলোচনা হবে।