লোক নাট্যদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজস্ব চলতি প্রযোজনাসমূহ নিয়ে আয়োজিত চার দিনব্যাপী নাট্যমেলা-২০১৯-এর দ্বিতীয় দিনে, অর্থাত্ গত ৭ জুলাই মঞ্চস্থ হয়েছে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলি যাত্রা ‘সোনাই মাধব’। এর আগে প্রথম দিনে নাট্যমেলার উদ্বোধন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা দেশের বিশিষ্ট সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার সুজেয় শ্যামকে সম্মাননা প্রদান করা হয়। রবিবার সন্ধ্যা ৭টায় বেইলী রোড মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকশেষে বিভিন্ন দলের শুভেচ্ছা গ্রহণ করেন লোক নাট্যদলের সভাপতি অভিজিত্ চৌধুরী। এসময় বিশিষ্ট নাট্যজন ঝুনা চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেন লোক নাট্যদলের সভাপতি। গত সোমবার সন্ধ্যায় নাট্যমেলার তৃতীয় দিনে মহিলা সমিতি মঞ্চে মলিয়ের ‘দ্য মাইজার’ অবলম্বনে নাটক ‘কঞ্জুস’ (রূপান্তর তারিক আনাম খান, নির্দেশনা কামরুন নূর চৌধুরী) মঞ্চস্থ হয় এবং নাট্যমেলার শেষদিন, অর্থাত্ আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ নিয়ে লোক নাট্যদলের নতুন নাটক ‘ঠিকানা’। নাটকটি রচনা করেছেন উত্পল দত্ত এবং নির্দেশনা দিয়েছেন ড. প্রণবানন্দ চক্রবর্ত্তী।