সম্প্রতি টানা বৃষ্টি ও বন্যার নেতিবাচক প্রভাব কাটিয়ে সবজির বাজার কিছুটা স্থিতিশীল। তবে ভিন্ন চিত্র দেখা গেছে মাছের বাজারে। প্রায় সব ধরনের মাছের দামই এখন বাড়তি।
এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের দাম কমার বিষয়ে নানা কথা শুনা গেলেও বাজারের চিত্র কিছুটা ভিন্ন। প্রতি কেজি ইলিশ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আকারে ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ হাজার টাকায়।
ব্যবসায়ীরা বলছে, টানা বৃষ্টি ও বন্যার কারণে প্রভাব পড়েছে। এ দিকে ক্রেতারা বলছে, ঢাকায় দাম বেশি আর বন্যা এলাকায় লোকজন নামে মাত্র মূল্যে মাছ বিক্রি করছে।
শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।
বাজারে সবজির দাম স্থিতিশীল থাকায় স্বস্তি প্রকাশ করলেও মাছের দাম নিয়ে অভিযোগ করে আসিফ দিপ্ত নামে এক ক্রেতা বলেন, সবজির দাম বাড়েনি তবে আশা অনুযায়ী কমেওনি। নতুন সরকারের সময়ে সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমার আশায় ছিলাম। কিন্তু বিশেষ করে নির্দিষ্ট বাজার কেন্দ্রিক এখনও সিন্ডিকেট রয়েছে বলে মনে করছেন তিনি।
দেখা গেছে, বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ টাকায়, শসা প্রতি কেজি ৬০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ১৬০ টাকা, বেগুন ৮০ টাকা, মূলা ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচা মরিচ ২৫০ টাকা, শসা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর মুখী ৮০ টাকা, করলা আকার ও প্রকার ভেদে ৭০ থেকে ৮০ টাকা, গাজর ৮০-৯০ টাকা এবং আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া লেবুর হালি ২০ টাকা, কচুর লতির আটি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা (কাটা অংশ), লাউয়ের পিস ৬০ টাকা, কাঁচকলার হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে সবজির বাজার স্থিতিশীল থাকলেও ভিন্ন চিত্র দেখা গেছে মাছের বাজারে। প্রায় সব ধরনের মাছ গত সপ্তাহের তুলনায় বাড়তি বলে জানিয়েছেন ক্রেতারা। কেজি হিসেবে কাতলা ২৩০, রুই ২৮০ থেকে ৩০০, পাঙ্গাস আকারের ভিত্তিতে ২২০ থেকে ২৫০, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি, লইট্টা ৩৫০, বাটা মাছ ৪০০, তেলাপিয়া ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া টেংরা প্রতি কেজি ৫৫০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৭০০ টাকা, বোয়াল ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশের দাম কমার বিষয়ে নানা কথা শুনা গেলেও বাজারের চিত্র কিছুটা ভিন্ন। প্রতি কেজি ইলিশ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আকারে ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে এক হাজার টাকায়।