বিরামপুরে এক নারীর দাবিদার দুই স্বামী!

বিরামপুর উপজেলায় দুই পুরুষ এক নারীকে স্ত্রী হিসাবে দাবি করে মামলা করেছেন। এ মামলা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঐ নারীকে ঢাকা থেকে উদ্ধার করেছে এবং দ্বিতীয় স্বামী দাবিদারকে গ্রেফতার করে বুধবার (১০ জুলাই) বিকেলে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক আকমল হোসেন জানান, বিরামপুর উপজেলার মল্লিকপুর গ্রামের আবুল কাশেম মণ্ডলের পুত্র রুহুল আমিন খোকনের সঙ্গে চাচাতো বোন ফারজানা আকতার তরুর ২০১০ সালে সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। সাত বছর বয়সী ছেলে সন্তানকে ফেলে ২০১৭ সালে স্ত্রী ফারজানা আকতার তরু নিরুদ্দেশ হয়ে যান।

এ ঘটনায় স্বামী রুহুল আমিন খোকন তার মামাতো ভাই রিয়াছত আজিম জুন্নুন জাহিদকে ১নং আসামি করে তিনজনের বিরুদ্ধে ২০১৯ সালের জানুয়ারি মাসে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি বিরামপুর থানায় রেকর্ডের পর থেকে পুলিশ অনুসন্ধান শুরু করে।

এর প্রেক্ষিতে মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার মিরপুর থেকে প্রধান আসামি রিয়াছত আজিম জুন্নুন জাহিদকে গ্রেফতার ও ভিকটিম ফারজানা আকতার তরুকে ৯ মাসের একটি কন্যা সন্তানসহ উদ্ধার করে বিরামপুর থানায় নিয়ে আসে।

বুধবার থানায় এসে প্রথম স্বামী রুহুল আমিন খোকন ফারজানা আকতার তরুকে স্ত্রী হিসাবে দাবি করেন এবং বলেন ফারজানা আকতার তরু তাকে তালাক দেননি। অপর দিকে মামলার ১নং আসামি রিয়াছত আজিম জুন্নুন জাহিদ ফারজানা আকতার তরুকে স্ত্রী হিসাবে দাবি করেন। বলেন, তার সঙ্গে ফারজানা আকতার তরুর বিয়ে হয়েছে। এক নারীকে দুই স্বামী স্ত্রী হিসাবে দাবি করার বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে বন্যা, কয়েক শত মানুষ পানিবন্দি

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনা নিষ্পত্তির জন্য গ্রেফতারকৃত আসামি ও ভিকটিমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু