দ্বিতীয় রাউন্ডেই আলকারাজের বিদায় 

ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে ঘটেছে অঘটন। নেদারল্যান্ডসের বটিক ফন দে জন্ডসচুলুপের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। ছেলেদের একক র‍্যাংকিংয়ে ৭৪তম বটিক ফন। অন্যদিকে র‍্যাংকিংয়ে তৃতীয় ছিলেন আলকারাজ। ২০২২ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ছিলেন স্প্যানিশ এই তারকা।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ডাচ তারকা বটিক ফন দের কাছে সরাসরি সেটে হেরে যান আলকারাজ। শেষ দুটি সেটে কিছুটা লড়াই করলেও প্রথম সেটে পাত্তাই পাননি আলকারাজ। শেষ পর্যন্ত ৬–১, ৭–৫ ও ৬–৪ গেমে হেরে বিদায় নেন স্প্যানিশ এই তারকা।

আলকারাজকে হারিয়ে নিজেই অবাক হয়েছেন ডাচ তারকা বটিক। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি শব্দ হারিয়ে ফেলেছি। অসাধারণ একটা রাত। এই স্টেডিয়ামে প্রথম বার রাতে খেলতে নেমেছিলাম। দর্শকরাও দারুণ। আগের ম্যাচের জয় আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছিল। প্রথম পয়েন্ট থেকেই আমি লড়ছিলাম। বুঝতে পারছিলাম যে এই ম্যাচ আমি জিততে পারি।'