সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা, অচলাবস্থা আর শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা থেকে পতন- সব মিলিয়ে এক দুর্যোগময় পরিস্থিতির মধ্য দিয়ে গেছে পুরো দেশ। এ সময়জুড়ে বৈধপথে রেমিট্যান্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। তবে সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ আবার হু হু করে বাড়তে থাকে।
সেই ধারাবাহিকতায় আগস্ট মাসে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার বিলিয়ন ডলার। রোববার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানায়, আগস্ট মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ২০৭ কোটি ১০ লাখ ডলার, যা ২০২৩ সালের আগস্ট মাসের একই সময়ে ছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ে আগের ৩ দিনের চেয়ে ৪ গুণ রেমিট্যান্স পাঠিয়েছেন তারা।