বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই পুলিশের গুলিতে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাইখ আস্-হা-বুল ইয়ামিন এবং মেকানিক্যাল বিভাগের মো. রাকিবুল হোসেন নির্মমভাবে শহীদ হন।
শহীদ এই দুই শিক্ষার্থীর স্মরণে শহীদ শাইখ আস্-হা-বুল ইয়ামিন এর নামে এমআইএসটি এর নবনির্মিত অডিটরিয়াম এবং শহীদ মো. রাকিবুল হোসেন এর নামে এমআইএসটির মুক্তমঞ্চের নামকরণ করা হয়েছে। এছাড়াও এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন-শহীদ রাকিবুল কর্ণার স্থাপন করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইয়ামিন অডিটরিয়াম, রাকিব মুক্তমঞ্চ এবং শহীদ ইয়ামিন-রাকিবুল কর্ণার শহীদদের পিতা-মাতাসহ নিকটআত্মীয়দের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।
এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানসহ উর্দ্ধতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় আবেগঘন পরিবেশে শহীদদ্বয়ের স্মৃতিচারণ করা হয় ও বিশেষ মোনাজাত করা হয়।