বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ‘এসএস পাওয়ার প্ল্যান্ট’এ চুরি প্রতিরোধ করতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৪টার দিকে দুই যুবক পাওয়ার প্ল্যান্টে চুরি করতে আসলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সরওয়ার আলম (৫১) ও রাশেদ জাওয়ারদার (২২)।
সরওয়ার আলম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা গ্রামের আবদুর রহমানের ছেলে আর রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
গুরুতর আহত অবস্থায় দুই নিরাপত্তা কর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুমিনুল হক তাদের মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানান, নিহত সরওয়ার আলম কয়লা বিদ্যুৎকেন্দ্রে সিকিউরিটি ইনচার্জের দায়িত্বে ছিলেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।