বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এক ঘণ্টা চিকিৎসক থাকলেও বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে রোগীরা। পরে সকাল ১১টার পর বহির্বিভাগের সব চেম্বারও বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা জরুরি সেবা ছাড়া বাকি সেবা বন্ধ রাখবেন বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।
হাসপাতাল গিয়ে জানা গেছে, সোমবার সকাল ৯টার পর থেকে বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। টিকিট না পাওয়ায় চিকিৎসা সেবা নিতে পারছেন না রোগীরা। সকাল থেকেই রোগীরা টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে অনেকেই রয়েছে শিশু ও বয়স্ক রোগী। তবে সকাল ৮টার দিকে কিছুক্ষণ টিকিট বিক্রি হলেও পরে তা আবার বন্ধ করে দেওয়া হয়।
ঝালকাঠি থেকে চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম বলেন, ‘আমি নাতি নিয়ে সকালে এসেছি। টিকিট কাটতে পারি নাই, আর ডাক্তারও দেখাতে পারি নাই, অনেক ভোগান্তি হচ্ছে এখন কি করবো বুঝতে পারছি না। মেডিকেল কর্তৃপক্ষের নিকট অনুরোধ দ্রুত এর সমাধান করে দেওয়া হোক, ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক।
অন্যদিকে বেলা ১২টার দিকে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামের সঙ্গে আলোচনায় বসেছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।