রাজধানীর মহাখালীর দক্ষিণপাড়ায় দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (SEL) ছায়ানীড় কন্ডোমিনিয়ামে প্রকল্পে বাস করছে ১৭৪টি পরিবার। এই আবাসনের ভেতরে রয়েছে মসজিদ, বাচ্চাদের জন্য খেলার মাঠ, শরীরচর্চাকেন্দ্রসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা সুযোগসুবিধা।
সম্প্রতি সেল-এর এই কন্ডোমিনিয়ামের বাসিন্দারা বাচ্চাদের জন্য একটি নামাজ ক্যাম্পেইন আয়োজন করেন। তাদের উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা ও নামাজের প্রতি আগ্রহী করে তোলা। পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মানুবর্তিতায় অভ্যস্ত করে তোলা।
গত জুলাইয়ে শুরু হয় এই ক্যাম্পেইন। এতে ২৫ জন শিশু রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেয়। তাদের মধ্য থেকে ১৮ জন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে এবং মাগরিব ও এশার জামাতে অংশ নিয়েছে।
ক্যাম্পেইনটি মাস দুয়েক চলার পর এই ১৮ জনসহ বাকিদেরও পুরস্কৃত করা হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, অংশগ্রহণকারীরা তাদের এই অভ্যাস ধরে রাখবে। ভবিষ্যতেও এমন ক্যাম্পেইন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।