কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সিফাত হোসেন (০৬) ও রিয়ামনি (১০) নামে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের সুজনের কুটিগ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই এলাকায় রবিউল ইসলামের ছেলে-মেয়ে।
তাদের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ভাই সিফাত হোসেন ও বোন রিয়ামনি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করতে যায়। এসময় এক পর্যায়ে সিফাত হোসেন পুকুরের পানিতে পড়ে গেলে ছোট ভাইকে উদ্ধারে পুকুরে ঝাঁপিয়ে পড়ে বড় বোন রিয়ামনি। পরে দুজনেরই পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।
তারা আরও জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই সন্তান বাড়িতে না থাকায় মা সন্তানদের খুঁজতে শুরু করেন। আশেপাশে বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শেষে এক পর্যায়ে মা পুকুর পাড়ে গিয়ে দেখতে পান ছেলে সিফাত হোসেনের লাশ পানিতে ভাসছে। পরে মায়ের চিৎকারের পরিবারের লোকজন ও প্রতিবেশিরা এসে সিফাতের লাশ পুকুরের পানি থেকে উদ্ধার করে এবং নিজের স্যান্ডেল পুকুর পাড়ে দেখে সন্দেহ হয় যে পুকুরের পানিতে তার বড় মেয়ে রিয়ামনিও থাকতে পারে। মায়ের কথা অনুযায়ী স্থানীয় মানুষজন পুকুরে জাল ফেলে।
এক পর্যায়ে মেয়ে রিয়ামনিরও লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবারসহ ওই এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।