ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের মোহাম্মদ ইব্রাহীম মিয়ার স্ত্রী ফয়েজ বানু (৪৫) ও তার মেয়ে ফেরদৌসি (২০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস,আই) সারোয়ার হোসেন জানান, সকালে একটি প্রাইভেটকার সুহিলপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বেতবাড়িয়ায় একটি ট্রাক্টরে বিদ্যুতের খুঁটি বোঝাই করে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এই অবস্থায় যাত্রীবাহী প্রাইভেটকারটির ট্রাক্টরের পেছনে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা মা-মেয়ে নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।