নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক হাশমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছিলো। স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ভোর ৪টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট শহরজুড়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দেয়ার অভিযোগ রয়েছে মেহেদীর বিরুদ্ধে। ওইদিন শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় বিএনপির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।