বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া বুয়েটসহ বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে নানা সময়ে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের ঘটনা অনুসন্ধানে একটি কমিশন গঠনে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় করা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচ জনকে যাবজ্জীবন সাজা দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। ঐ রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স হাইকোর্টে বিচারাধীন।
এদিকে আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট শাহীন আলম। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব বলেন, হাইকোর্ট মন্ত্রিপরিষদ বিভাগকে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দিয়েছে। আবরারের নির্যাতনের ঘটনায় কার ব্যর্থতা ছিল সেগুলো দেখার জন্য এই কমিশন গঠন করতে বলা হয়েছে।