ময়মনসিংহ প্রেস ক্লাবে হামলা ও ভাঙচুর, অপপ্রচারের নিন্দা

বৈষ্যমবিরোধী আন্দোলনে সরকার পতনের পর ময়মনসিংহ প্রেস ক্লাবে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ ও আওয়ামী মদদপুষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে। 

সম্প্রতি ময়মনসিংহ প্রেস ক্লাবে এসে হামলা, ভাঙচুর ও সাংবাদিকদের শারিরীকভাবে লাঞ্ছিত করার সময় বিএনপিপন্থী সেজে নানা স্লোগান ও হট্টগোল শুরু করে। উদ্ভুত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে বিষয়টি ময়মনসিংহ প্রেস ক্লাবের পক্ষ থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের অবহিত এবং হামলাকারীদের নিবৃত্ত করতে তাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়। 

প্রেস ক্লাব কর্তৃপক্ষের অনুরোধে কিছুক্ষণ পর ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন প্রেস ক্লাবে আসেন। তাকে দেখে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠে। এবং উচ্চবাচ্য ও হট্টগোল শুরু করে। এ সময় তিনি হামলাকারী ওই সব নেতাকর্মীকে প্রেসক্লাবে নৈরাজ্য সৃষ্টি ও ভাঙচুর না করে আলোচনায় বসার অনুরোধ জানান। 

এ ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীরা নানা পরিচয়ে এবং ছদ্মনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়মনসিংহ প্রেস ক্লাব, সাধারণ সম্পাদক অমিত রায়, যুবদল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনকে নিয়ে নানা ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক অপপ্রচার করছেন। যা ময়মনসিংহ প্রেস ক্লাবের দৃষ্টিগোচর হয়েছে। 

এ ধরণের অপতৎপরতা কোনোভাবেই কাম্য নয়। তাই ময়মনসিংহ প্রেস ক্লাব নির্বাহী পরিষদ আওয়ামী মদদপুষ্ট এসব অপপ্রচারকারীদের ন্যাক্কারজনক ঘৃণ্য অপতৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরণের অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য তাদের অনুরোধ করা হচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ বাধ্য হবেন।