বরিশাল অফিস
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো ‘বর্তমান সাহিত্য তত্ত্ব ও জীবনানন্দ দাশ’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে আন্তর্জাতিক কনফারেন্সে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষকরা তাদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করবেন।
কনফারেন্সে মূল বক্তা থাকবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়ার্কের গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের অধ্যাপক ড. আজফার হোসেন। প্রধান অতিথি থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ড. এ.কে.এম মাহাবুব হাসান। অতিথি থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম ও জীবনানন্দ দাশ রিসার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মুহাসিন উদ্দিন।
দিনব্যাপী কনফারেন্সে সমাপনী বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক ড. মো. রেজাউল ইসলাম (শামীম রেজা)।